চাঁদপুরে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার, বন্ধু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে নিখোঁজ হওয়ার সাত দিন পর শহরের পুরান বাজার ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র মির্জা মো. আল-আমিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর বন্ধু হাবিবুর রহমানকে (২৩) আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টায় চাঁদপুর সদর উপজেলার ২ নম্বর আশিকাটি ইউনিয়নের উত্তর রালপুর গ্রামের প্রধানিয়া বাড়ির বাগান থেকে আল-আমিনের লাশ উদ্ধার করা হয়।আল-আমিন ও তাঁর পরিবার শহরের বিপণিবাগ এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার খলিশাডুলি গ্রামে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মোর্শেদ জানান, মির্জা মো. ওজি উল্লাহ নামের এক ব্যক্তি ১ নভেম্বর তাঁর কলেজপড়ুয়া ছেলে আল-আমিনকে খুঁজে পাচ্ছেন না বলে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ আল-আমিনের বন্ধু হাবিবুরকে আটক করে গত সোমবার দুই দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে হাবিবুরের স্বীকারোক্তির ভিত্তিতে আজ (মঙ্গলবার) সকালে আল-আমিনের লাশ উদ্ধার করা হয়। আটক হাবিবুর সাংবাদিকদের বলেন, ‘আমি, আল-আমিন ও আরেক বন্ধু গত বুধবার রাত নয়টার দিকে ওই স্থানে মাদক সেবন করি। আল-আমিন অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে আল-আমিনকে গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে ধরে মেরে ফেলে ওই বন্ধু। আমি কিছু বলতে চাইলে ওই বন্ধু আমাকেও মেরে ফেলার হুমকি দেয়।’