চাঁদপুরে নির্বাচনী পথসভায় হামলা, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বেলায়েত হোসেন গাজীর নির্বাচনী পথসভায় হামলা হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে হামলাকারীরা। কয়েকটি বসতঘরেও হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সন্ধ্যায় পুরানবাজারের পূর্ব জাফরাবাদ এলাকায় ‘বই প্রতীক’ পাওয়া বেলায়েত হোসেন গাজীর পথসভা চলাকালে একদল যুবক এসে অতর্কিতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যার পর শহরে বিক্ষোভ মিছিল বের করেন বেলায়েত হোসেনের সমর্থকেরা। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরশু বৃহস্পতিবার এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।