চাঁদপুরে নৌকাডুবিতে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা থেকে চাঁদপুরের মেঘনা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ থাকা দুই শিক্ষার্থীর লাশ ঘটনার পাঁচ দিন পর গত বুধবার উদ্ধার করা হয়েছে।
ওই শিক্ষার্থীরা হচ্ছেন কুমিল্লার গোবিন্দপুর এলাকার আবুল কাশেমের মেয়ে তাছতিয়া সুলতানা তানিয়া (১৮) ও একই এলাকার আবুল কালামের ছেলে শামিম হোসেন (১৯)। তানিয়া আখাউড়া কসবা টিআলি কলেজের সম্মান প্রথম বর্ষের এবং শামিম কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
চাঁদপুর নৌ-পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মেঘনা নদীর পাড় থেকে বুধবার তানিয়া এবং ওই দিন রাতে ভোলার মেঘনা নদী থেকে শামিমের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তানিয়ার লাশের পরিচয় না পাওয়ায় অজ্ঞাতনামা হিসেবে চাঁদপুর বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে দাফন করা হয়। শামিমের লাশ গত বৃহস্পতিবার বিকেলে লাকসামে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয়ভাবে লাশ উদ্ধারের খবর পেয়ে তানিয়ার পরিবারের সদস্যরা গত বৃহস্পতিবার চাঁদপুরের পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরে হাতঘড়ি, নুপূর, গায়ের জামা ও লাশের ছবি দেখে নিশ্চিত হন তানিয়া নৌকাডুবিতে মারা গেছেন। তানিয়ার বড় ভাই রনি জানান, তানিয়ার গত ২৭ সেপ্টেম্বও জন্মদিন ছিল। বান্ধবীর বাসায় যাবে বলে সে বাসা থেকে বের হয়।
চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হামিদুল হক জানান, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে মেঘনা-ডাকাতিয়ার মোহনায় নৌকায় করে লগ্গিমারা চরে যাওয়ার পথে সোনারতরী নামে একটি লঞ্চের ধাক্কায় একটি নৌকা ডুবে যায়। এ সময় তানিয়া ও শামীমসহ ওই নৌকার ১০ যাত্রী ডুবে যান। এ সময় তানিয়া ও শামীম নিখোঁজ থাকেন। বাকি আটজন জীবিত উদ্ধার হয়।