চাঁদপুরে পুরান বাজার কলেজের তিন দশক পূর্তি উৎসব
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে পুরান বাজার কলেজের তিন দশক পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল নয়টায় প্রাক্তন শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের নিয়ে শহরে শোভাযাত্রা বের করেন।
শোভাযাত্রার উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কলেজে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন দীপু মনি।
বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার মো. আমির জাফর, চাঁদপুর পৌরসভার মেয়র মো. নাসির উদ্দিন আহমেদ, চাঁদপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আখন্দ প্রমুখ।
উৎসবে অংশ নেওয়া প্রাক্তন শিক্ষার্থী নূরন্নবী চৌধুরী জানান, তিন দশক পূর্তি উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিনভর নানা আয়োজনে মিলনমেলায় পরিণত হয় কলেজ প্রাঙ্গণ। উৎসবে প্রায় এক হাজার প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।