চাঁদপুরে ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে আগুন নেভাতে গিয়ে গত মঙ্গলবার রাতে ফায়ার সার্ভিসের একটি দল হামলার শিকার হয়েছে। এ সময় স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসের একটি গাড়িও ভাঙচুর করেন। এ ঘটনায় আহত সাতজন কর্মকর্তা-কর্মচারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন চাঁদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা ফরিদ আহমেদ, ফায়ারম্যান খোকন মজুমদার, রহমাত উল্যা, আসাদ উল্লা, এমরান হোসেন, মাসুদুল আলম ও মাসুম মিয়া। ফরিদ আহমেদ বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহামায়া পশ্চিম বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এ সময় স্থানীয় লোকজন ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত আমাদের ওপর হামলা চালান। তাঁরা ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করে কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেন। এতে সাতজন আহত হন। পরে হামলাকারীরা আমাদের গাড়িতে আগুন দিতে চাইলে আমরা দ্রুত সেখান থেকে সরে গিয়ে হাজীগঞ্জ ফায়ার স্টেশনে আশ্রয় নিই।’ আহত ব্যক্তিদের প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রাত সাড়ে ১২টার দিকে তাঁদের চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। তবে প্রত্যক্ষদর্শীরা বলেন, ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসকে বারবার ফোন করার পরও তারা ঘটনাস্থলে আসতে অনেক দেরি করে। তাই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ওই বাজারের আটটি দোকান পুড়ে গেছে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, হামলার ঘটনায় গতকাল বুধবার ফরিদ আহমেদ বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয় ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।