চাঁদপুরে বরযাত্রীর গাড়িবহরে হামলা, আহত ২
চাঁদপুরের কচুয়া উপজেলার খাজুরিয়া এলাকায় আজ শুক্রবার সকালে বরযাত্রীর গাড়িবহরে হামলা চালিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ ঘটনায় দুজন আহত হন।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
গাড়ির ভাঙা কাচের আঘাতে কয়েকজন বরযাত্রী আহত হয়েছেন। দুই মোটরসাইকেল আরোহী মানিক মিয়া (২২) ও মাহবুব আলম (২৩) আহত হন। মাইক্রোবাসে থাকা আহত বরযাত্রীদের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
মাইক্রোবাসের মালিক জয়নাল আবেদীন ফয়সাল প্রথম আলো ডটকমকে জানান, কচুয়ার করইশ গ্রাম থেকে বরযাত্রী নিয়ে ছয়টি গাড়ির একটি বহর নোয়াখালীর সোনাপুরের দিকে যাচ্ছিল। বহরটি খাজুরিয়া এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় জামায়াত-শিবিরের কর্মীরা এতে হামলা চালান।
এর আগে ভোরে জামায়াত-শিবিরের কর্মীরা একই সড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ১৫-২০টি বিশাল গাছ ফেলে অবরোধ করে রাখেন।
খবর পেয়ে চাঁদপুরের সহকারী পুলিশ সুপার মো. আবদুল হানিফ ঘটনাস্থলে যান। এখনো গাছগুলো অপসারণ না হওয়ায় চাঁদপুরের সঙ্গে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেটসহ অন্যান্য জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
জেলার বিভিন্ন জায়গায় জামায়াত-শিবিরের নাশকতার খবর পাওয়া গেছে। গতকাল রাতে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয় ও পশ্চিম বড়কুল ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা।
রাজারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাদী জানান, গতকাল রাত দেড়টার দিকে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা পেট্রল ঢেলে কার্যালয়ে আগুন লাগায়। এতে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ অনেক আসবাব পুড়ে যায়। বাজারের লোকজন পরে আগুন নিভিয়ে ফেলে।
উপজেলার ৭ নম্বর পশ্চিম বড়কুল ইউনিয়নের ঝাঁকনি গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয় গতকাল রাতে পুড়িয়ে দিয়েছেন জামায়াতের কর্মীরা।
এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর প্রথম আলো ডটকমকে জানান, রাতের পর থেকে বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে জামায়াত-শিবিরের কর্মীরা চোরাগোপ্তা হামলা চালাচ্ছেন। বড় ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ সদস্যরা তত্পর রয়েছে। পুলিশের পাশাপাশি বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরাও (বিজিবি) মোতায়েন রয়েছেন।