চাঁদপুরে বিএনপির এক পক্ষের হামলায় পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে বিএনপির এক পক্ষের হামলায় অপর পক্ষের পাঁচজন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে তৈরি জনসভার মঞ্চ ও মাইক ভাঙচুর করা হয়। শহরের কালীবাড়ি এলাকায় দাহ করা হয় বিএনপির কেন্দ্রীয় নেতা শাহ মোয়াজ্জেম হোসেনের কুশপুত্তলিকা।জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদের উদ্যোগে আজ শনিবার শহরের হাসান আলী স্কুল মাঠে এক জনসভা ডাকা হয়েছে। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন, রাবেয়া চৌধুরী, শমসের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, সহ-কৃষিবিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশিদ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রাশেদা বেগম, কেন্দ্রীয় তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়ার সমর্থকেরা শাহ মোয়াজ্জেম হোসেনকে সংস্কারবাদী উল্লেখ করে তাঁকে চাঁদপুরে প্রতিহত করার ঘোষণা দেন। গতকাল বিকেলে তাঁরা শহরে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেন। ক্ষুব্ধ নেতা-কর্মীরা জনসভাস্থলে গিয়ে মঞ্চও ভাঙচুর করেন। এ সময় শেখ ফরিদ আহমেদের সমর্থকদের সঙ্গে শফিকুর রহমান ভূঁইয়ার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। প্রতিপক্ষের হামলায় ফরিদের পক্ষের পাঁচজন আহত হন।আহত ব্যক্তিদের মধ্যে যুবদল নেতা শানু চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাবু, মানিক, মোস্তফা ও মাহবুব প্রাথমিক চিকিৎসা নেন।