চাঁদপুরে বিএনপির তিন 'বিদ্রোহী' অনড়
চাঁদপুরের তিনটি পৌরসভায় বিএনপির তিন ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী নির্বাচনে থেকে গেলেন। গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
বিএনপির স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভায় উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হারুন-অর-রশিদ, হাজীগঞ্জে বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল মান্নান খান এবং কচুয়ায় বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। দলের মনোনয়ন না পেয়ে ফরিদগঞ্জে বর্তমান মেয়র ও দলের উপজেলা কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক মঞ্জিল হোসেন, হাজীগঞ্জে পৌর কমিটির সাবেক সদস্য হেলাল উদ্দিন মজুমদার এবং কচুয়ায় বর্তমান কাউন্সিলর ও উপজেলা কমিটির সাবেক মহিলা-বিষয়ক সম্পাদক গাজী শাহিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
মঞ্জিল হোসেন বলেন, ‘ দল আমাকে মনোনয়ন না দিয়ে অবিচার করেছে। ইনশা আল্লাহ এবারও জয়ী হব।’
হেলাল উদ্দিন মজুমদার বলেন, ‘মান্নান খান দলের নেতা-কর্মী ও জনগণের জন্য কাজ করেননি। নেতা-কর্মীরা এবার আমার সঙ্গে আছেন।’
এ বিষয়ে কথা বলার জন্য গাজী শাহিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বলেন, যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনিই দলের একমাত্র প্রার্থী। দলের সিদ্ধান্তের বাইরে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
নির্বাচনী কার্যালয় সূত্র জানায়, হাজীগঞ্জে আওয়ামী লীগের মাহবুব-উল-আলম, বিএনপির আবদুল মান্নান খান, বিএনপির ‘বিদ্রোহী’ হেলাল উদ্দিন মজুমদার, জাতীয় পার্টির সেলিম মাহমুদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের শাহজাহান মিয়াজী ও স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক চৌধুরী নির্বাচনে অংশ নিচ্ছেন। কচুয়ায় আওয়ামী লীগের নাজমুল আলম, বিএনপির হুমায়ুন কবির প্রধান, বিএনপির ‘বিদ্রোহী’ গাজী শাহিন ও যুবলীগের বহিষ্কৃত নেতা ইকবাল আজিজ নির্বাচন করছেন। রোববার ফরিদগঞ্জে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আবুল খায়ের পাটওয়ারী, বিএনপির ‘বিদ্রোহী’ ইমাম হোসেন ও জাতীয় পার্টির সফিকুল ইসলাম পাটওয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।