চাঁদপুরে গতকাল মঙ্গলবার স্মরণসভা চলাকালে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুই সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ। চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিকেলে বিএনপির কর্মী আবুল মৃধা ও লিমন ছৈয়ালের স্মরণে সভার আয়োজন করা হয়। বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, গত বছরের ২৯ জানুয়ারি বিএনপির গণমিছিলের সময় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে আবুল ও লিমন নিহত হন। তাঁদের স্মরণে আয়োজিত সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিকেল পাঁচটার দিকে চাঁদপুর-৩ আসনের সাবেক সাংসদ জি এম ফজলুল হক মঞ্চে ওঠেন। এ সময় মঞ্চে ওঠা নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও চেয়ার-টেবিল ভাঙচুরসহ মঞ্চে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সংঘর্ষে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদ ও কনস্টেবল মো. হান্নানসহ উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের ছয়টি শেল ও শটগানের ১০টি গুলি ছোড়ে। এ সময় বিএনপির ছয় কর্মীকেও আটক করা হয়। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।