চাঁদপুরে বিএনপির শোভাযাত্রায় পুলিশের বাধা
চাঁদপুরে বিএনপির শোভাযাত্রায় পুলিশ লাঠিপেটা করেছে। দল থেকে দাবি করা হচ্ছে, লাঠির আঘাতে বিএনপি ও সহযোগী সংগঠনের কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। তবে পুলিশ বলছে, নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল ও শোভাযাত্রা থেকে উচ্ছৃঙ্খল আচরণ করার কারণে তাঁদের থামানোর চেষ্টা করা হয়েছে।দলীয় সূত্র জানায়, তারেক জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার বেলা ১১টায় চাঁদপুর পৌর বিএনপি দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে। এটি শহরের জোড়পুকুরপাড় এলাকা পার হওয়ার সময় পুলিশ বাধা দেয়। এ নিয়ে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে শোভাযাত্রা ছত্রভঙ্গ করে দেয়।জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ বলেন, পুলিশের লাঠিচার্জে কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হয়েছেন।পরে নেতা-কর্মীরা একত্র হয়ে পুলিশি হামলার নিন্দা জানিয়ে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেন। পরে সেখানে মোনাজাত করা ও জন্মদিনের কেক কাটা হয়।পৌর বিএনপির সভাপতি সলিম উল্যার সভাপতিত্বে এতে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সহসভাপতি আবদুল হামিদ মাস্টার, থানা বিএনপির সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি প্রমুখ।চাঁদপুর সদর মডেল থানার ওসি জাকের হোসাইন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে শোভাযাত্রার নামে মিছিল করা এবং পুলিশের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।