চাঁদপুরে বিএনপির সভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সভায় দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষে অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল রোববার শহরের বিপণিবাগ এলাকায় স্থানীয় পার্টি হাউসে কেন্দ্রীয় ও স্থানীয় জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বেলা ১১টার দিকে শহরের পার্টি হাউসে জেলা বিএনপির তৃতীয় সাধারণ সভা শুরু হয়। সভায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইকবাল বিন বাশার বর্তমান কমিটিকে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ বলেন। এতে বর্তমান কমিটির সমর্থক নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাঁরা সাবেক কমিটির নেতা-কর্মীদের সঙ্গে প্রথমে হাতাহাতি শুরু করেন। পরে দুই পক্ষ একে অপরকে লক্ষ করে চেয়ার ছুড়ে মারে। একপর্যায়ে পুরো কক্ষজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।এতে বিএনপির নেতা ইকবাল বিন বাশার, পৌর কমিশনার আলী আহমদ সরকার ও মালেক বেপারী, জেলা ছাত্রদলের সহসভাপতি ফয়সাল আহমেদ, জাহাঙ্গীর হোসেন, ওয়াসিম পাটওয়ারী, হযরত আলীসহ বেশ কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে সাতজন চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, বিএনপির অন্তর্কোন্দলে ওই সংঘর্ষ বাধে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সংঘর্ষের ব্যাপারে জেলা বিএনপির সভাপতি মমিনুল হক ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ২০১০ সালের ৩ জুলাই তিন বছর মেয়াদি কমিটি হয়েছিল। ওই কমিটিতে যাঁরা আসতে পারেননি, তাঁরা গতকালের ঘটনা ঘটাতে পারেন। এ ব্যাপারে তদন্ত কমিটি করে দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে জানানো হবে।সংঘর্ষের সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ ও রাশেদা বেগম, সাবেক সাংসদ জি এম ফজলুল হক, নুরুল হুদা, জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সহসভাপতি আবদুল হামিদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী প্রমুখ।