চাঁদপুরে বিএনপির সম্মেলনে সাকা চৌধুরী বলেন...
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী বলেছেন, ‘শেখ মুজিব হত্যার রায় কার্যকর করে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক এজেন্ডাই বাস্তবায়ন করেছে। মুজিব হত্যাকাণ্ডের বিচার যেমন হয়েছে, তেমনি আমার বাবার হত্যাকাণ্ডেরও বিচার করতে হবে।’ গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে চাঁদপুর সার্কিট হাউসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার ফাঁসির রায় কার্যকর করার ব্যাপারে সাংবাদিকেরা প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে থাকা বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আমি কোনো হত্যাকাণ্ডকেই সমর্থন করি না। আবার কাউকে ফাঁসি দেওয়া বা কারও অস্বাভাবিক মৃত্যুকেও সমর্থন করি না।’এর পর গতকাল সন্ধ্যায় চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে বিএনপির সম্মেলন উদ্বোধন করেন সাকা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মির্জা আব্বাস। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে সাকা চৌধুরী বলেন, ‘শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসি দিলেন, অথচ এদের নেপথ্যে যারা ছিল তাদের বিচার করছেন না কেন।’ তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত যে সরকার ছিল, অনেক আওয়ামী লীগ নেতা তখন সেই সরকারের ঘনিষ্ঠ ছিলেন। তাঁরা এখন সরকারে রয়েছেন, আবার কেউ কেউ উপদেষ্টাও। তাই প্রধানমন্ত্রীর নিরাপত্তার ভয় সেখানেই।যুদ্ধাপরাধীদের বিচারের দাবি সমর্থন করে সাকা চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার রাজাকারদের তালিকা প্রস্তুত করার যে উদ্যোগ নিয়েছে তা একটি ভালো পদক্ষেপ। তবে এখন তো তারা মুক্তিযোদ্ধা ও রাজাকারদেরও তালিকা প্রস্তুত করছে। বিষয়টি না জানি এমন হয়, রাজাকারদের তালিকা মুক্তিযোদ্ধাদের চেয়ে বেশি বড় হয়ে যায়।’ সংসদে যাওয়া প্রসঙ্গে সাকা চৌধুরী বলেন, সরকার যদি বিরোধী দলের নেতা-কর্মীদের কাঁথা-বালিশ নিয়ে টানাটানি করে, বিরোধীদলীয় নেত্রীর বাড়ি দখল করতে যায়, তাহলে সংসদে কীভাবে যাব? এদিকে বিশিষ্ট মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি জানান, ফজলুল কাদের চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ১৯৭৩ সালে। তাঁর এই মৃত্যু ছিল স্বাভাবিক।মমিন সভাপতি, শেখ ফরিদ সাধারণ সম্পাদক দীর্ঘ সাত বছর পর গতকাল চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন হয়। দুপুর দুইটা থেকে শুরু করে বিকেল পাঁচটা পর্যন্ত এক হাজার ৬২ কাউন্সিলরের মধ্যে মধ্যে এক হাজার ২৭ জন গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন। এতে প্রকৌশলী মমিনুল হক সভাপতি ও শেখ ফরিদ আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দুজনই কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য।