চাঁদপুরে বিজিবির গুলিতে যুবদলের কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্ষিপ্ত ভাঙচুর, আগুন ও সহিংসতার মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নতুন বছরে লাগাতার অবরোধ কর্মসূচির প্রথম দিন কেটেছে গতকাল বুধবার। এদিন চাঁদপুরে বিজিবির সদস্যদের গুলিতে ফারুক পাটোয়ারী (৩৫) নামে যুবদলের এক কর্মী নিহত হন। গাজীপুরে কালিয়াকৈরে একটি সবজিবাহী ট্রাকে পেট্রলবোমা হামলায় অগ্নিদগ্ধ হন ট্রাকচালকসহ তিনজন। এ ছাড়া ঢাকার বাইরে আটটি জেলায় নির্বাচনী ক্যাম্প ও যানবাহনে আগুন-ভাঙচুরের খবর পাওয়া গেছে।
গত ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত হরতাল-অবরোধ এবং রাজনৈতিক সহিংসতায় ফারুকসহ নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১২০ জনে। তাঁদের বেশির ভাগই বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মী।
৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে সোমবার রাতে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। এর আগে ২৬ নভেম্বর থেকে পাঁচ দফায় মোট ২২ দিনের অবরোধ পালন করে বিরোধী জোট। এর সঙ্গে যোগ হয় হরতাল এবং জামায়াতে ইসলামীর নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের ঘটনায় সহিংসতা।
যুবদলের কর্মী নিহত: বিজিবির একটি টহল দল গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় পৌঁছলে অবরোধকারীরা অতর্কিত হামলা চালান। তাঁরা বিজিবির সদস্যদের বহনকারী গাড়িটি ভাঙচুর করেন। এ সময় বিজিবির সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালালে যুবদলের কর্মী ফারুক পাটোয়ারী গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুপার আমির জাফর ঘটনা নিশ্চিত করেছেন।
সবজিবাহী ট্রাকে পেট্রলবোমা: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে গতকাল বুধবার রাতে একটি সবজিবাহী ট্রাকে পেট্রলবোমা হামলা চালান অবরোধকারীরা। এতে ট্রাকচালক ও দুই সবজি ব্যবসায়ী অগ্নিদগ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। সফিপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আজহার জানান, তিনজনেরই হাত, পা, মুখসহ শরীরের বিভিন্ন অংশে পুড়ে গেছে।
ভাঙচুর, আগুন: চট্টগ্রাম থেকে ভোর পাঁচটায় মেঘনা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ভোলার চরফ্যাশনের উদ্দেশে রওনা হয়। বাসটি বেলা সাড়ে ১১টার দিকে ভোলা সদর উপজেলার তালতলী এলাকায় বিকল হয়ে পড়ে। তখন যাত্রীরা বাস থেকে নেমে যান। কিছুক্ষণের মধ্যে অবরোধকারীরা বাসটিতে পেট্রলবোমা নিক্ষেপ করেন। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
সাতক্ষীরা-২ সদর আসনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিমের নির্বাচনী গণসংযোগ বহরের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেন জামায়াত-শিবিরের কর্মীরা। সদর উপজেলার পদ্মশাখরা এলাকায় বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে তিনজন আহত হন। পুলিশ জামায়াতের এক কর্মীকে আটক করেছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় ভোরে একটি কাভার্ড ভ্যানে আগুন দেওয়া হয়। চাঁদপুরের কচুয়া উপজেলার বাছাইয়া গ্রামে রাস্তা কেটে দিয়েছেন অবরোধকারীরা। সদর উপজেলায় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। জামালপুরের সরিষাবাড়ীর বাউসী ব্রিজ, তালুকদার বাড়ি জোড় ব্রিজ ও পারপাড়া এই তিনটি এলাকায় ১০টি মোটরসাইকেল ও পাঁচটি অটোবাইক ভাঙচুর করেন অবরোধকারীরা।
পাবনার ঈশ্বরদীতে পুলিশের দুটি গাড়িসহ শতাধিক যানবাহন ভাঙচুর করেন অবরোধকারীরা। ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী মুন্নারমোড়, চাঁদআলী মোড়, দিযাড় বাঘইল ক্লাব মোড়সহ মহাসড়কের বিভিন্ন স্থানে এসব যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে।
সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই: প্রথম আলোর সরিষাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম পেশাগত দায়িত্ব পালন করতে যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে যাচ্ছিলেন। পথে বেলা সাড়ে ১১টার দিকে তালুকদার বাড়ি জোড় ব্রিজ এলাকায় অবরোধকারীরা তাঁকে আটকে লাঞ্ছিত করেন এবং তাঁর মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যান। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম মোটরসাইকেলটি উদ্ধারের আশ্বাস দিয়েছেন।
নির্বাচনী ক্যাম্পে আগুন: ঝিনাইদহ-৩ আসনের (মহেশপুর-কোটচাঁদপুর) আওয়ামী লীগের প্রার্থী নবী নেওয়াজের নির্বাচনী ক্যাম্পে দুপুরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে কোটচাঁদপুরের সিরাজুল ইসলাম সড়কে স্থাপিত ক্যাম্পটির চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাব পুড়ে যায়। নবী নেওয়াজের অভিযোগ, জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।
চট্টগ্রামেও একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও বতর্মান সাংসদ সামশুল হক চৌধুরীর নির্বাচনী ক্যাম্পে মঙ্গলবার গভীর রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের বাদামতল এলাকায় এ ঘটনা ঘটে। জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সদস্য শাহদত হোসেন এ ঘটনার জামায়াত-শিবিরকে অভিযুক্ত করেন। আগুনে ক্যাম্পের কিছু অংশ পুড়ে গেছে।
এদিকে গতকাল রাজধানীতে অবরোধ ছিল একেবারে ঢিলেঢালা। জনজীবনও ছিল প্রায় স্বাভাবিক। নগরে গণপরিবহন চলাচল করলেও দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। যানবাহনে আগুন-ভাঙচুরের খবর পাওয়া যায়নি।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।