চাঁদপুরে বৃদ্ধকে গলা কেটে হত্যা
চাঁদপুরে আবুল বাশার চৌধুরী (৭০) নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের শিলন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আবুল বাশার মৈশাদী ইউনিয়নের কর আদায়কারী হিসেবে কর্মরত ছিলেন।চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন জানান, গতকাল সন্ধ্যায় শিলন্দিয়া এলাকায় অবস্থিত একটি মসজিদে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। এই সময় কে বা কারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ওসি জানান, কে বা কারা কী কারণে এই বৃদ্ধকে হত্যা করেছে, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তবে কেউ গ্রেপ্তার হয়নি।