চাঁদপুরে ব্যতিক্রমী ইলিশ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশের মজাদার ২৭ পদের রান্না নিয়ে ব্যতিক্রমী ইলিশ মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে চাঁদপুর ক্লাব প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ (ভূমি সংস্কার) বিভাগের সচিব এম এন জিয়াউল আলম।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে মেলায় চাঁদপুরের আট উপজেলা থেকে ইলিশের তিনটি করে ও চাঁদপুর ক্লাবের পক্ষ থেকে তিনটি মোট ২৭ রকমের ইলিশ রান্না প্রদর্শন করা হয়। চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকসহ সরকারি সরকারি কর্মকর্তা, স্থানীয় সরকারের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার নারী-পুরুষ অংশ নেন। মেলায় প্রত্যেকে ৫০০ টাকার টিকিটে যে যাঁর ইচ্ছেমতো ইলিশের বিভিন্ন পদ ও পোলাও খেতে পেরেছেন। পরে তাঁদের বিচারে সেরা তিন উপজেলাকে পুরস্কৃত করা হয়। এ মেলায় প্রথম স্থান অর্জন করে হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেনের রান্না করা ৩ কেজি ২০০ গ্রামের ওজনের একটি বিশাল ইলিশের রোস্ট ।
ইলিশ মেলায় রেসিপির মধ্যে ছিল ওভেন বেকড ইলিশ, দই ইলিশ, ইলিশ ফ্রাই, ইলিশ মালাইকারি, ইলিশ দোপেঁয়াজি, নোনা ইলিশ ভুনা, স্মোক্ড ইলিশ, কাঁটা গলানো ইলিশ, ইলিশ কোফতাকারি, ভাতে ভাপা ইলিশ, ইলিশ কাসুন্দি, লেবু ইলিশ, টক মিষ্টি ইলিশ, সরষে ইলিশ, ইলিশ কোরমা, ইলিশ বিন্দালু, ইলিশ পাতুরি, ময়ানে ভাজা ইলিশ, আনারস ইলিশ, আস্ত বেকড ইলিশ, লবণে বেকড ইলিশ, অরেঞ্জ ইলিশ, ইলশে কাবাব, আস্ত ইলিশ রোস্ট, ইলিশ পোলাও, ঘিয়ে ভাজা ইলিশ। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
মেলায় আগত অতিথিদের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমিন, প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআইয়ের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদসহ জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল বলেন, চাঁদপুর জেলাকে ইলিশের বাড়ি চাঁদপুর ব্র্যান্ডিং করতে এই আয়োজন করা হয়।
বিকেল সাড়ে চারটায় শহরের বড়স্টেশন মোলহেড এলাকায় অনলাইন ইলিশ বাজারের উদ্বোধন করা হয়। এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী কয়েক দিনে মধ্যে এই অনলাইন ইলিশ বাজার থেকে এই দেশ বিদেশে বসে চাঁদপুরের ইলিশসহ যেকোনো ধরনের মাছ কিনতে পারবেন বলে জানান চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক আইসিটি ও শিক্ষা) মো. আবদুল হাই।