চাঁদপুরে ভাতা বাতিল ১৭ মুক্তিযোদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে ১৭ জন মুক্তিযোদ্ধার ভাতা বাতিল করা হয়েছে। তাঁদের পরিবারের অভিযোগ, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদানসংক্রান্ত জেলা কমিটির সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুধের যোগসাজশে জেলা কমিটি তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মু. নুর আলমের গত বছরের ২৪ সেপ্টেম্বরের স্বাক্ষরিত ভাতা বরাদ্দপত্রের ৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ভারতীয় তালিকা, মুক্তিবার্তা ও প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদ ছাড়া অন্য সব গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের সঠিকতা নির্ণয়ের জন্য উপজেলা পর্যায়ে যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে উল্লিখিত তিন তালিকার সনদ ছাড়া সব সাময়িক সনদপ্রাপ্ত/গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা/পোষ্যদের কোনো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পেতে হলে এই মর্মে অঙ্গীকারনামা দিতে হবে, চূড়ান্ত তালিকায় মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হতে না পারলে গ্রহণকৃত সব সুযোগ-সুবিধা প্রত্যর্পণ করতে হবে।
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদানসংক্রান্ত জেলা কমিটির দুটি রেজল্যুশন (কার্যবিবরণী) ঘেঁটে দেখা গেছে, গত ৮ এপ্রিল অনুষ্ঠিত সভায় সাতটি উপজেলা থেকে ভাতাপ্রাপ্ত ৩৭ জন মুক্তিযোদ্ধার স্থলে ৩৭ জন প্রতিস্থাপিতদের (পোষ্যদের) নামের তালিকা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ১৮ জনের নাম প্রতিস্থাপিত হয়। বাকি ১৯ জনের নামে যথাযথ কাগজপত্র না থাকার কারণ দেখিয়ে পুনরায় যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা কমিটিতে পাঠানো হয়।
পরে ১৮ জুন অনুষ্ঠিত সভায় ১৯ জন মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে আলোচনা হয়। পর্যালোচনাকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও কমিটির সদস্য এম এ ওয়াদুধ বলেন, মুক্তিযোদ্ধা কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় তালিকা, মুক্তিবার্তা ও প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সনদপাপ্ত মুক্তিযোদ্ধারা সরাসরি ভাতা পাবেন। ওই তালিকার যেকোনো একটিতে নাম থাকায় দুজনকে ভাতার জন্য অনুমোদন দেওয়া হয় এবং নাম না থাকায় ১৭ জনের ভাতা বাতিল করা হয়। এর মধ্যে কচুয়ার একজন, ফরিদগঞ্জের দুজন, চাঁদপুর সদরের পাঁচজন, মতলব দক্ষিণের দুজন, হাইমচরের একজন ও হাজীগঞ্জের ছয়জন মুক্তিযোদ্ধা আছেন।
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদানসংক্রান্ত জেলা কমিটির সদস্যসচিব ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোবারক হোসেন বলেন, ‘জেলা কমান্ডার সাহেব এসব মুক্তিযোদ্ধার স্থলে পোষ্যদের নামের তালিকা প্রতিস্থাপন এবং অঙ্গীকারনামা নিয়ে দ্বিমত পোষণ করেন। আমার সদিচ্ছা ছিল। কিন্তু ডিসি (জুলাইয়ে বদলি হন) স্যার ও কমান্ডার সাহেবের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের ভাতা বাতিল করা হয়েছে।’
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুধ বলেন, তালিকা থেকে বাদ যাওয়া ব্যক্তিরা ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন। তাঁদের সদস্য সংখ্যা তিন হাজার। এর মধ্যে সাড়ে তিন শ গেজেটভুক্ত হয়েছেন। তিনি আরও বলেন, ‘মন্ত্রণালয় এঁদের গেজেট বাতিল করেছে। এখানে আমাদের করণীয় কিছু নেই।’
এ ঘটনার প্রতিকার চেয়ে হাজীগঞ্জ উপজেলার তিন মুক্তিযোদ্ধার স্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর আবেদন করেছেন। আবেদনকারীরা হলেন রাজারগাঁও গ্রামের মৃত আবদুল লতিফের স্ত্রী মাজুদা বেগম, বাকিলা গ্রামের মৃত দিলীপ চন্দ্র দাসের স্ত্রী ঝর্ণা রানী দাস ও মকিমাবাদ গ্রামের করিম গাজীর স্ত্রী ফিরোজা বেগম। মন্ত্রী এ বিষয়ে মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছেন। ইউএনও শেখ মুর্শিদুল ইসলাম বলেন, ‘তিন মুক্তিযোদ্ধার সঠিকতা পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিবেদন জেলা পর্যায়ে পাঠানো হয়েছে।’
ভাতাবঞ্চিত পাঁচজন মুক্তিযোদ্ধার স্ত্রী প্রথম আলোর কাছে আক্ষেপ করে বলেন, ‘উপজেলায় আমাদের মতো অন্তত ২৫০ জন মুক্তিযোদ্ধা অঙ্গীকারনামা দিয়ে ভাতা তুলছেন। অন্যরা ভাতা পেলে আমরা পাব না কেন।’
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক বি এম মহসিন বলেন, জেলা কমান্ডার সাহেব মিথ্যা তথ্য দিয়ে তাঁদের ভাতা বাতিল করেছেন। বাতিলকৃতদের কেউ ন্যাপ-কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত নন। আর সম্পৃক্ত থাকলে তিনি জেলার রেজল্যুশনে ওই তথ্য দেননি কেন?