চাঁদপুরে ভিজিএফের চাল পাননি ২৯ হাজার জেলে
মা-মাছের প্রজনন নির্বিঘ্ন করতে ১ মার্চ থেকে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু চাঁদপুরের প্রায় ২৯ হাজার জেলে ত্রাণ মন্ত্রণালয়ের পুনর্বাসন প্রকল্পের আওতায় এখনো ভিজিএফের চাল পাননি। ভিজিএফের চাল না পাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। ফলে নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে মাছ ধরছেন।
চাঁদপুর জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মা-মাছের প্রজনন নির্বিঘ্ন করতে মৎস্য মন্ত্রণালয়ের নির্দেশে জেলা মৎস্য কার্যালয় মার্চ ও এপ্রিল মাসে পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে। ১ মার্চ থেকে মেঘনার চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় মাছ ধরা বন্ধে অভিযান চালানো হচ্ছে। জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড এসব অভিযান পরিচালনা করছে।
মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার কারণে চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচরের ২৮ হাজার ৯৬৮ জন জেলে বর্তমানে বেকার হয়ে আছেন। মার্চ থেকে জুন পর্যন্ত এসব জেলের পরিবারপ্রতি ত্রাণ মন্ত্রণালয়ের পুনর্বাসন প্রকল্পের আওতায় মানবিক খাদ্যসহায়তা হিসেবে প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু এখনো তাঁদের চাল দেওয়া হয়নি।
মতলব উত্তরের ষাটনল গ্রামের জেলে নারায়ণ বর্মণ বলেন, ‘মার্চের শুরু থেক্কাই নদীতে মাছ ধরতে পারি না। জাল ফালাইলে হেরা লইয়া যায়। এলিগা পকেটে টেয়াও নাই। সরকার আমাগো চাউল দিব কইছিল। ১৪ দিন অইয়া গেল, এহনো পাই নাই। বউ-বাচ্চা লইয়া খাইয়া না খাইয়া দিন কাডাইতাছি।’
মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, তাঁর উপজেলায় জেলের সংখ্যা ৫ হাজার ৪৪২ জন। কিছু জেলেকে চাল দেওয়া হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে দেওয়া হবে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা মৎস্য অধিদপ্তরের একজন কর্মচারী জানান, এখনো চাল না পাওয়ায় জেলেরা নদীতে মাছ ধরে চলেছেন। সরকারি নিষেধাজ্ঞাও তাঁরা মানছেন না। এ ছাড়া ক্ষুব্ধ জেলেরা গত বৃহস্পতিবার রাতে হামলা চালিয়েছেন অভিযান পরিচালনাকারী সরকারি লোকজনের ওপর।
জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান জানান, সরকারের পুনর্বাসন কর্মসূচির আওতায় জেলার প্রায় ২৯ হাজার জেলের জন্য খাদ্যসহায়তা পাওয়া গেছে। অল্প সময়েই তা বিতরণ করা হবে। এ ছাড়া কিছু জেলের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করা হচ্ছে।
এ ব্যাপারে মানবাধিকার সংগঠন সেভ দ্য হিউম্যানিটির মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, ‘পেটে ক্ষুধা রেখে কাউকে শাসন করা যায় না। মাছ ধরায় নিষেধাজ্ঞার দিন থেকেই জেলেদের খাদ্যসহায়তা দেওয়া উচিত ছিল। এখনো এ সুবিধা না দেওয়া অমানবিক।’