চাঁদপুরে মা ইলিশ রক্ষায় শোভাযাত্রা

‘মা-ইলিশ ধরব না, দেশের ক্ষতি করব না; মা-ইলিশ রক্ষা করো, দেশের সম্পদ বৃদ্ধি করো’—এই স্লোগান নিয়ে মা-ইলিশ রক্ষায় চাঁদপুরের হাইমচরে সড়ক ও নৌ শোভাযাত্রাসহ সচেতনতামূলক প্রচার কার্যক্রম চলছে।
জানা গেছে, মা-ইলিশ রক্ষায় সরকার ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত চাঁদপুরের মেঘনার ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা, ইলিশ পরিবহন ও কেনাবেচা নিষিদ্ধ ঘোষণা করেছে।
এ বিষয়ে জেলেদের সচেতন করার জন্য জেলা প্রশাসন ৬ অক্টোবর চাঁদপুরের বিভিন্ন উপজেলায় ব্যাপক প্রচার কার্যক্রম শুরু করে। এরই অংশ হিসেবে গতকাল সকাল ১০টায় হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর নেতৃত্বে হাইমচর উপজেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বেলা ১১টায় হাইমচরের কাটাখালির মেঘনাপাড় থেকে হাজার হাজার জেলে ও সাধারণ মানুষ কয়েক শ নৌকা নিয়ে নৌ শোভাযাত্রা বের করেন। নৌ শোভাযাত্রাটি প্রায় ১০ কিলোমিটার পাড়ি দিয়ে চরভৈরবী এলাকায় গিয়ে শেষ হয়।
সেখানে আয়োজিত পথসভায় হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সারওয়ার কামাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।