চাঁদপুরে মুক্তিযোদ্ধা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের কোড়ারিয়া এলাকায় গত সোমবার রাতে নান্নু পাটওয়ারী (৬৫) নামের এক মুক্তিযোদ্ধাকে খুন করেছে দুর্বৃত্তরা৷ এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে৷ এ ছাড়া, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত দুই দিনে দুজনের লাশ উদ্ধার করেছে পুিলশ৷
স্থানীয় বাসিন্দা ও চাঁদপুর মডেল থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে প্রতিবেশীরা নান্নুর ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢোকেন ৷ এ সময় তাঁরা হাত-পা বাঁধা অবস্থায় নান্নুর মৃতদেহ দেখতে পান৷ পরে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল হোসেন (১৫) নামের এক কিশোরকে আটক করে পুলিশ। উজ্জ্বল সদর উপজেলার পশ্চিম সকদী গাজীবাড়ির ইসমাইল গাজীর ছেলে। সে শহরের গনি আদর্শ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
উজ্জ্বলের মা আমেনা বেগম জানান, নান্নুকে উজ্জ্বল নানা বলে ডাকত। মাঝেমধ্যে তাঁর সঙ্গে থাকত। ঘটনার দিনও উজ্জ্বল নান্নুর বাসায় ছিল। রাতে অপরিচিত পাঁচ-ছয়জন লোক নান্নুর ঘরে ঢোকে । সে সময় নান্নু ঘরে ছিলেন না। দুর্বৃত্তরা একপর্যায়ে উজ্জ্বলকে মারধর করে আটকে রাখে। নান্নু রাতে বাড়ি এসে ঘরের দরজা খোলা দেখতে পান। এ সময় দুর্বৃত্তরা নান্নুকে আটকে ফেলে৷ তাঁর হাত-পা বেঁধে উজ্জ্বলকে বের করে দেয় তারা৷ রাত একটার দিকে উজ্জ্বল গ্রামের বাড়ি গিয়ে এ ঘটনা জানায়৷
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাইয়ুম জানান, নান্নুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
কসবা থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার শিমরাইল গ্রামের রাজার খালে অজ্ঞাতপরিচয় এক তরুণের (২৮) লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। ওই দিন রাতে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ছাড়া, গতকাল মঙ্গলবার দুপুরে পৌর এলাকার শাহপুর গ্রামের রাস্তাসংলঘ্ন খাল থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তার লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান লাশ দুটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন৷