চাঁদপুরে মুরগির বাচ্চার দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেয়ার ও ব্রয়লার মুরগির বাচ্চার দাম বাড়ানোর প্রতিবাদে চাঁদপুরে পোলট্রি ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা সড়কের চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধন চলাকালে জেলা পোলট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের আহ্বায়ক তৈয়ব তাহের সরকার অভিযোগ করে বলেন, পোলট্রি হ্যাচারি ও ফিড ব্যবসায়ীরা তিন গুণ বেশি দামে মুরগির বাচ্চা বিক্রি করেন।
বাচ্চাপ্রতি ২০ থেকে ৩০ টাকা খরচ হলেও তাঁরা ১০০ টাকার ওপরে বিক্রি করছেন। তাঁদের কাছে পোলট্রি ব্যবসায়ীরা একপ্রকার জিম্মি হয়ে পড়েছেন। তাঁদের একচেটিয়া ব্যবসার কারণে ধ্বংসের মুখে পড়েছে চাঁদপুরের পোলট্রি শিল্প। এই শিল্পের সঙ্গে চাঁদপুর জেলার প্রায় এক লাখ লোক সম্পৃক্ত রয়েছেন।
মানববন্ধন শেষে ব্যবসায়ী নেতারা হ্যাচারি ও ফিড মিলের মালিকদের কবল থেকে পোলট্রি শিল্পকে রক্ষার দাবিতে চাঁদপুর
জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছেন।