চাঁদপুরে মেঘনায় যাত্রীবাহী ট্রলারডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এতে আটজন নিখোঁজ আছে বলে পুলিশ জানিয়েছে।

ট্রলারডুবির কথা হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন প্রাথমিকভাবে প্রথম আলোকে নিশ্চিত করেন।

ডুবে যাওয়া ট্রলার থেকে সাঁতরে তীরে আসা কয়েকজন যাত্রী প্রথম আলোকে বলেন, ৪০ থেকে ৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার হাইমচর থেকে ঈশান বালার চরের দিকে যাচ্ছিল। পথে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ঘন কুয়াশার কারণে সামনে কিছু দেখা যাচ্ছিল না। বেশ কয়েকজন সাঁতরে তীরে এলেও অনেকেই নিখোঁজ রয়েছে বলে তাঁরা দাবি করেন।

স্থানীয় লোকজন ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধারকাজে যোগ দিয়েছেন।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালিউল্লাহ বলেন, আটজন নিখোঁজ আছে; যাদের বেশির ভাগই শিশু।