চাঁদপুরে যাত্রীবাহী ট্রলারডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের পুরান বাজারে মেঘনায় গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে একটি ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী অপর একটি ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারটিতে ৩৫ জন যাত্রী ও ১৫ লাখ টাকার মালামাল ছিল। যাত্রীদের সবাইকে উদ্ধার করা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু যাত্রী সাঁতরে কিনারে ওঠে এবং কিছু যাত্রীকে আশপাশের নৌকাগুলো এসে উদ্ধার করে। কিন্তু ট্রলারে থাকা ৪০ বস্তা চাল, ১৫ বস্তা আটা, আট কার্টন লবণ, ছয় বস্তা ডালসহ বিভিন্ন ধরনের প্রায় ১৫ লাখ টাকার মালামাল ডুবে যায়।ট্রলারযাত্রী গিয়াস উদ্দিন তালুকদার, বিলাল রাঢ়ী, হাবিব, ছমির হোসেন, সোলেমান গাজী জানান, পুরান বাজার ভূঁইয়ার ঘাট থেকে ৩৫ জন যাত্রী ও মালামাল নিয়ে ট্রলারটি ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পাঁচ মিনিট পর অপর একটি ট্রলার এসে ধাক্কা দিলে তাঁদের ট্রলারটি ডুবে যায়। পুরান বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন বলেন, দুর্ঘটনায় শুধু মালামাল নষ্ট হয়েছে।