চাঁদপুরে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত সোমবার রাতে পৃথক স্থানে যুবলীগের দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে উপজেলার তেঘুরিয়া মোড় ও তুলাতুলি এলাকায় এ সংঘর্ষ হয়। এই সময় ওই পাঁচজনকে কুপিয়ে জখম করা হয়। তাঁদের মধ্যে আলমগীর হোসেন (৩৫), মফিজ উদ্দিন (৩২) ও আবুল কালামকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জাহাঙ্গীর আলম (২২) ও আবদুল হালিম (৪০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।দলীয় সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে যুবলীগের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। এ নিয়ে বেশ কয়েক দিন ধরে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে সোমবার ওই সংঘর্ষ হয়। তবে উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, এটা দুই পক্ষের সংঘর্ষ নয়, পূর্বশত্রুতার জের ধরে দুই মহল্লার মধ্যে এ ঘটনা ঘটে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয়টি ফাঁকা গুলি ছোড়ে।