চাঁদপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত
চাঁদপুরের কচুয়া উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য ছোট জামাল (৪০) ও শাহ পরান (৩৫) নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দোয়াটি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি রিভলবার, একটি এলজি, দুটি রাম দা ও একটি কার্তুজ উদ্ধার করে র্যাব।জামাল উপজেলার মেগদাই গ্রামের মৃত কোব্বত আলীর ছেলে এবং শাহ পরান একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। র্যাব জানায়, ওই দিন রাতে দোয়াটি গ্রামে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ডাকাত দল টহলরত র্যাব-১১-এর একটি দলকে দেখে তাদের লক্ষ্য করে গুলি চালায়। পরে র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে জামাল ও শাহ পরান নিহত হন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, ডাকাত সর্দার জামালের বিরুদ্ধে কচুয়া থানায় পাঁচটি মামলা রয়েছে। যার কিছু মামলায় তিনি খালাশ পেয়েছেন। তবে অধিকাংশ মামলা বিচারাধীন।