চাঁদপুরে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাব পড়েছে চাঁদপুরে। গতকাল বুধবার দুপুরের পর থেকে বিআইডব্লিউটিএ চাঁদপুরের সঙ্গে ঢাকা ও নারায়ণগঞ্জ নৌপথের সব ধরনের লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এর ফলে চাঁদপুর লঞ্চঘাটে অনেক যাত্রী আটকা পড়েছে।এদিকে চাঁদপুর শরীয়তপুর নৌপথেও ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। এর ফলে দুই পাড়ে আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক।ফেরিঘাটের ব্যবস্থাপক ইমরান হোসেন জানান, নদী উত্তাল থাকায় চাঁদপুর-শরীয়তপুর নৌপথে গতকাল দুপুরের পর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

চাঁদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুল হক জানান, মহাসেন আঘাত হানলে চাঁদপুরে পাঁচ থেকে সাত ফুট উঁচু জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে।

জেলা প্রশাসক ইসমাইল হোসেন জানান, জেলা প্রশাসন ঘূর্ণিঝড়-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে। জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখায় একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। এই কক্ষের ফোন নম্বর ০৮৪১-৬৩৫৯৬, মোবাইল নম্বর ০১৭১৭-০৮০৬৭৬, ফ্যাক্স নম্বর ০৮৪১-৬৩৩৩৩। এ ছাড়া ২৫টি চিকিৎসক দল প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায়ও একটি করে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর শাহীন খান প্রথম আলোকে জানান, মেঘনা নদীর মাঝে রাজরাজেশ্বর ইউনিয়নের প্রায় ২০ হাজার লোক চরে বসবাস করছে। সেখানে মাইকিং করে তাদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। একই সঙ্গে শুকনা খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিজ দায়িত্বে রাখতে বলা হয়।অন্যদিকে হাইমচরের ইউএনও মাসুদ হোসেন জানান, এ উপজেলার দুটি চরে হাইমচর, গাজীপুর ও নীলকমল ইউনিয়নের প্রায় ৬০ হাজার লোক বাস করে। এসব লোককে নিরাপদে রাখতে ১২টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে। এর পরও সেখানকার লোকজনকে সরিয়ে আনতে সব মসজিদের মাইক ব্যবহার করা হয়। এ ছাড়া শুকনা খাবার রাখার নির্দেশ দেওয়া হয়। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল্লাহ নূরী জানান, জেলার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার চরাঞ্চলের লোকজনের ব্যাপারেও প্রশাসনকে একই নির্দেশনা দেওয়া হয়েছে।