চাঁদপুরে লঞ্চে, হাজীগঞ্জে বাজারে আগুন
চাঁদপুর লঞ্চঘাটে গতকাল রোববার এমভি ঈগল-১ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না। একই দিন জেলার হাজীগঞ্জ বাজারে পৃথক অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমভি ঈগল-১ লঞ্চের মাস্টার (চালক) দেলোয়ার হোসেন জানান, সকাল সাড়ে ছয়টার দিকে লঞ্চটি মাদ্রাসাঘাট থেকে চালিয়ে চাঁদপুর লঞ্চঘাটে নেওয়ার পরপরই তৃতীয় তলার শীতাতপ নিয়ন্ত্রিত একটি যন্ত্রে (এসি) আগুন ধরে যায়। আগুন দ্রুত লঞ্চের পুরো তৃতীয় তলায় ছড়িয়ে পড়ে।
লঞ্চের মালিকের প্রতিনিধি আজগর আলী জানান, লঞ্চটির সকাল আটটার দিকে চাঁদপুর থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই অগ্নিকাণ্ডে লঞ্চের তৃতীয় তলার বিজনেস ও ফার্স্ট ক্লাস কেবিন সম্পূর্ণ পুড়ে যায়। এতে পাঁচটি এসিসহ অন্যান্য আসবাবপত্র ছাই হয়ে গেছে। এটি চলাচল উপযোগী করতে প্রায় এক কোটি টাকা খরচ হবে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফরিদুল ইসলাম জানান, তাঁদের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজারের প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের কর্মীদের দেওয়া তথ্যমতে দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ আলী আজ্জম মার্কেটের এমরানের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের মজুমদার ট্রেডার্সের তেলঘরে আগুন ধরে গেলে মুহূর্তের মধ্যেই পুরো মার্কেটে তা ছড়িয়ে পড়ে। আগুনে ২০টি দোকান পুড়ে গেছে এবং ৩০টির মতো দোকানের মালামাল সরাতে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।