চাঁদপুরে লাখো মানুষ আশ্রয়কেন্দ্রে
মহাসেন-আতঙ্কে চাঁদপুরের বিভিন্ন চরের লাখো মানুষ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পদ্মা ও মেঘনা নদী ক্রমে উত্তাল হয়ে উঠছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে জেলায় দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে।
জেলা প্রশাসকের নির্দেশে গতকাল দুপুরের পর থেকে চাঁদপুর সদরের রাজরাশ্বের, হাইমচরের মাঝের চর, ইশানবালা চর ও মতলবের বিভিন্ন চরের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে সাধারণ মানুষ।
দুর্যোগের কারণে যাতে খাদ্যঘাটতি না হয়, এ জন্য বিপুল পরিমাণ শুকনো খাবার মজুদ করা হয়েছে। ১৩০টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।
চাঁদপুর থেকে সব ধরনের নৌযান ও চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্যোগ-পরিস্থিতি মোকাবিলায় চারটি স্পিডবোটসহ কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে। এ ছাড়া বাড়তি সতর্কতা হিসেবে প্রস্তুত রাখা হয়েছে পাঁচটি মাঝারি লঞ্চ।
জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘চরাঞ্চলের দিকে আমাদের বিশেষ দৃষ্টি রয়েছে। দুর্যোগ মোকাবিলায় আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।’