চাঁদপুরে শিশু ধর্ষণের মামলায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর সদর উপজেলার বাগড়া বাজার এলাকায় নয় বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. হারুন (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। সিএনজিচালিত অটোরিকশা চালক হারুনের বাড়ি উপজেলার বাগাদী এলাকায়।
চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে হারুন বাগড়া বাজার এলাকায় তাঁর স্বজন ওই শিশুটিকে ধর্ষণ করেন বলে শিশুটি তার মা ও আত্মীয়-স্বজনকে জানায়। ঘটনার পরপরই হারুন পালিয়ে নৌপথে ঢাকায় যাওয়ার জন্য চাঁদপুর লঞ্চঘাটে যান।
শিশুটির স্বজনেরা সেখান থেকে তাঁকে আটক করে রাত আটটার দিকে নৌ পুলিশের হাতে তুলে দেন। পরে রাতে শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। ওই মামলায় হারুনকে গ্রেপ্তার দেখানো হয়।