চাঁদপুরে সংখ্যালঘুর পরিত্যক্ত বাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক সংখ্যালঘু হিন্দু পরিবারের পরিত্যক্ত বসতবাড়িতে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুটি ঘর পুড়ে গেছে। এদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আওয়ামী লীগের সমর্থক এক হিন্দু পরিবারের দুটি খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। উভয় ঘটনাই ঘটেছে গত শনিবার রাতে।
শনিবার রাতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী গ্রামে মজুমদার বাড়ি বলে পরিচিত এক সংখ্যালঘু হিন্দু পরিবারের পরিত্যক্ত বাড়িতে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন দেয়। এতে ওই বাড়ির একটি বসতঘর এবং একটি রান্নাঘর পুড়ে গেছে।
মজুমদার বাড়ির মালিক বরেন্দ্র নাথ মজুমদার খবর পেয়ে বর্তমান বাসস্থল নারায়ণগঞ্জ শহর থেকে ছুটে আসেন। তিনি জানান, পুড়ে যাওয়া দুটি ঘরই বাঁশের বেড়া ও টিন দিয়ে তৈরি। ঘর দুটি আগুনে পুরোপুরি পুড়ে গেছে।
গতকাল সকালে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আবু হানিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী ও শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মোজাম্মেল হক জানান, দুটি ঘরের ভেতরে কোনো মালপত্র ছিল না। বাড়ির মালিক বরেন্দ্র নাথ মজুমদার অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন।
এদিকে গত শনিবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদী গ্রামে আওয়ামী লীগের সমর্থক এক সংখ্যালঘু হিন্দু পরিবারের দুটি খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১১টার দিকে ব্রাহ্মণদী গ্রামের রবীন্দ্র দের বাড়ির পাশে থাকা দুটি খড়ের গাদায় অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়। স্থানীয় লোকজন অগুন নেভানোর চেষ্টা করেন। খড়ের গাদা দুটি পুরোপুরি পুড়ে গেছে। এ ঘটনায় গ্রামে আতঙ্ক বিরাজ করছে।
রবীন্দ্র দে জানান, ছয় মাস আগে দুর্বৃত্তরা তাঁর দোকানসহ সংখ্যালঘুদের তিনটি দোকানে আগুন দেয়। তাঁর দাবি, ওই ঘটনায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এবং রাজনৈতিক কারণে তাঁর খড়ের গাদায় অগুন দেওয়া হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।