চাঁদপুরে সহায়তা না পেয়ে বিপাকে ১১ হাজার জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ বছর ধরে মেঘনায় মাছ ধরছেন ওহাব আলী (৫৬)। মাছ বিক্রি করে যা আয় হয়, তা দিয়ে সংসার চালান। কিন্তু মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ থাকায় ১ মার্চ থেকে তিনি বেকার। এ সময় অনেক জেলে পুনর্বাসন প্রকল্পের আওতায় খাদ্য সহায়তা পেলেও তিনি পাচ্ছেন না। কারণ, জেলেদের জন্য তৈরি করা পুনর্বাসন প্রকল্পের তালিকায় স্থান হয়নি তাঁর। তাই পরিবার নিয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন।
ওহাব আলীর বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম বাইশপুর গ্রামে। ইলিশ রক্ষা কর্মসূচির অধীনে ১ মার্চ থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় এবং পদ্মা নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। গত ফেব্রুয়ারিতে মাছ ধরার কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা ওই প্রজ্ঞাপনে চলতি মার্চ ও আগামী এপ্রিল মাসে ইলিশ বিক্রি, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়। ওই নিষেধাজ্ঞার ফলে জেলায় ৫২ হাজার ৩৮৯ জন জেলে কর্মহীন হয়ে পড়েন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পুনর্বাসন প্রকল্পের আওতায় ৪১ হাজার ১৮৯ জন জেলের নাম তালিকাভুক্ত করা হয়। কিন্তু ওহাব আলীর মতো চাঁদপুরের বাকি ১১ হাজার ২০০ জেলে পুনর্বাসনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
তালিকার বাইরে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় ৪ হাজার করে ৮ হাজার এবং মতলব দক্ষিণে ২ হাজার ও মতলব উত্তরে ১ হাজার ২০০ জেলে রয়েছেন। এসব জেলে পরিবার নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান বলেন, নিবন্ধিত ৪১ হাজার ১৮৯ জন জেলের তালিকা ২০১৫ সালে চূড়ান্ত করা হয়। গত ফেব্রুয়ারিতে তাঁদের জন্য ভিজিএফের চালের বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। এ মাসের মাঝামাঝিতে চালের বরাদ্দ পাওয়া গেছে। চাল বিতরণের কাজও চলছে। চলতি মার্চ থেকে আগামী জুন পর্যন্ত এসব জেলের প্রত্যেকে ৪০ কেজি করে চাল পাবেন।
জেলা মৎস্য কর্মকর্তা আরও বলেন, নিবন্ধিত (তালিকাভুক্ত) এসব জেলের বাইরে জেলায় আরও ১১ হাজার ২০০ জেলে রয়েছেন। গত সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের তালিকা তৈরির কাজ চলে। মৎস্য কার্যালয়ে জনবল-সংকট ও স্থানীয় জনপ্রতিনিধিদের অলসতার কারণে এখনো ওই তালিকা চূড়ান্ত করা যায়নি। এ কারণে তাঁরা পুনর্বাসন প্রকল্পের আওতাভুক্তও হননি। যাচাই-বাছাই শেষে তাঁদের নাম মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ বছর তাঁদের খাদ্য সহায়তা পাওয়ার সম্ভাবনা কম।
এ ব্যাপারে মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল হাই বলেন, গত ফেব্রুয়ারির শেষ দিকে জেলেদের নতুন তালিকা চাওয়া হয়েছে। বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় তালিকা পাঠাতে দেরি হয়েছে। কয়েক দিন আগে তিনি তালিকা পাঠিয়েছেন।
মতলব উত্তর উপজেলার ফতেপুর ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী বলেন, জেলেদের তালিকা তৈরিতে যাচাই-বাছাই করতে হয়েছে। এ জন্য কিছু সময় লেগেছে। পরে তিনি তালিকা জমা দিয়েছেন।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, তাঁর উপজেলায় এবার ৭ হাজার ৫৪০ জন জেলে পুনর্বাসন প্রকল্পের আওতাভুক্ত হয়েছেন। তাঁরা ভিজিএফের চাল পাচ্ছেন। তবে প্রায় ১ হাজার ২০০ জেলে খাদ্য সহায়তা পাচ্ছেন না।
এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার দাবি করেন, তালিকা তৈরিতে দেরির কারণে তাঁর উপজেলায় প্রায় দুই হাজার জেলে খাদ্য সহায়তা পাচ্ছেন না।
নাম প্রকাশ না করার শর্তে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকার দুজন এবং মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের তিনজন জেলে বলেন, ‘১ মার্চ থেইক্কা মেঘনায় মাছ ধরতে পারতাছি না। হেগো (মৎস্য কার্যালয়) তালিকায় আমাগো নাম নাই। এলিগা চাউল দিব না। পকেটে টেয়া (টাকা) এবং জমি-জিরাত কিচ্ছু নাই। বউ-পোলাপান নিয়া বেকায়দায় আছি।’