চাঁদপুরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়ায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪১ জনের নাম ও অজ্ঞাত দুই থেকে তিন হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে কচুয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সামছুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় আজ বেলা তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

প্রথম আলোকে মামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার।

মহীউদ্দীন খান আলমগীরের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ উজানি মাদ্রাসা মাঠের মূল ফটকে ও উপজেলা আওয়ামী লীগ কচুয়া বাজারের কাছে পল্টন ময়দানে আজ বিকেলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।

গতকাল বিকেলে চাঁদপুরের কচুয়া উজানি মাদ্রাসা মাঠে একটি ওয়াজ মাহফিলে যোগ দিতে গেলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাঁর গাড়িও ভাঙচুর করা হয়।