চাঁদপুর সদর উপজেলায় বহরিয়া নুরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে একজন শিক্ষার্থী ও পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষকসহ নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর মডেল থানা এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে ওই স্কুলের এক শিক্ষককে গত বুধবার আটক করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে ও শিক্ষকের মুক্তির দাবিতে স্কুলের কয়েক শ শিক্ষার্থী গতকাল বেলা ১১টার দিকে মডেল থানা এলাকায় বিক্ষোভ করে। একপর্যায়ে পুলিশ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চলে যেতে বলে। কিন্তু শিক্ষার্থীরা এতে যেতে না চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এসআই মো. মহিউদ্দিন এবং মো. সাদ্দাম হোসেন নামের দশম শ্রেণীর এক ছাত্র আহত হয়। আহত মহিউদ্দিন সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।মো. মহিউদ্দিন বলেন, ওই স্কুলের এক ছাত্রী গত মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগ করে। পরে বুধবার শিক্ষককে আটক করা হয়। ওই দিনই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। তিনি আরও বলেন, গতকালের সংঘর্ষের ঘটনায় তিনি বাদী হয়ে ওই স্কুলের প্রধান শিক্ষকসহ অজ্ঞাতনামা অন্তত ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া শিক্ষকের বোনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে।তবে ওই শিক্ষক সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি একটি মহলের ষড়যন্ত্রের শিকার।সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন মজুমদার জানান, ওই শিক্ষক ও তাঁর বোনকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।