চাঁদপুরে স্ত্রী-সন্তান হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামে স্ত্রী হোসনে আরা (২৪) ও শিশুকন্যা নাজনিনকে (৯ মাস) হত্যার দায়ে আসামি নাজমুল হাসানকে (৩৫) মৃত্যুদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার বিকেল চারটায় চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন।

নাজমুল হাসান মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামের বড় বৈদ্য বাড়ির নুরুল আমিনের ছেলে। হোসনে আরা পাশের এলাকার আবুল কাশেমের মেয়ে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৪ জুলাই হোসনে আরার বাবা আবুল কাশেম তাঁর মেয়ে নিখোঁজ হওয়ার কারণে মতলব দক্ষিণ থানায় নাজমুল হাসানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। সেই সূত্র ধরে পুলিশ ওই দিনই নাজমুলকে আটক করে। পরে পুলিশের কাছে নাজমুল স্ত্রী-সন্তানকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন।
সরকারপক্ষের আইনজীবী আমান উল্যাহ জানান, ২০১০ সালের ১৯ জুলাই রাত আনুমানিক সাড়ে ১১টায় নাজমুল নিজ ঘরে প্রথমে স্ত্রীকে হত্যা করে। শিশুকন্যা কান্নাকাটি করলে তাকেও একই কায়দায় হত্যা করে বাড়ির পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে মাটির নিচে পুঁতে রাখে। ২৪ জুলাই সাধারণ ডায়েরির সূত্র ধরে আটকের পর পুলিশের কাছে নাজমুল এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করলে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সরকারপক্ষের আইনজীবী আরও জানান, তদন্তকারী কর্মকর্তা মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান একই সালের ৩১ জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ প্রায় ৭ বছর মামলাটি চলমান অবস্থায় আদালত ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন। রায় দেওয়ার সময় নাজমুল হাসান আদালতেই ছিলেন।