চাঁদপুরে সড়ক দুর্ঘটনা জেএমবির ১৩ সদস্যসহ ১৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদরের পল্লী বিদ্যুৎ টাওয়ার এলাকায় একটি পুলিশভ্যান রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ১৩ আসামি আহত হয়েছেন। তাঁরা সবাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনায় দুই পথচারী আহত হন। তাঁদের চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, পুলিশ জেএমবির ১৩ সদস্যকে একটি মামলায় হাজিরার জন্য ভ্যানে করে কুমিল্লা থেকে চাঁদপুরে নিয়ে আসছিল। পথে বেলা দুইটার দিকে ভ্যানটি চাঁদপুর সদরের পল্লী বিদ্যুৎ টাওয়ার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ১৩ আসামিই আহত হন। এ সময় দুই পথচারী হাজীগঞ্জ উপজেলার দোয়ালিয়া গ্রামের কৃষক ইসহাক মিয়ার ছেলে আল আমিন (১৮) ও তাঁর খালাতো ভাই হূদয় (১২) আহত হয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ আসামিদের উদ্ধার করে চাঁদপুর কারাগারে নিয়ে যায়। সেখানে চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক সিরাজুল ইসলাম তাঁদের চিকিৎসা দেন। পুলিশ আলআমিন ও হূদয়কে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, আসামিদের সবাই কমবেশি আহত হন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন পথচারী আল আমিনের অবস্থা আশঙ্কাজনক।