চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চারজন। আজ সোমবার বেলা দেড়টার দিকে ভাটিয়ালপুর এলাকায় চাঁদপুর-রায়পুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম স্বপন মিয়া (৪০)। তিনি অটোরিকশার চালক ছিলেন। বাড়ি ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাঁও গ্রামে। আহত চারজনকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, চাঁদপুর থেকে ফরিদগঞ্জ যাওয়ার পথে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি যানবাহনেরই গতি বেশি ছিল। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। মাইক্রোবাসটি একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক স্বপন মিয়া নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, অটোরিকশা ও মাইক্রোবাসটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।