চাঁদপুরে হত্যা মামলায় নয়জনের যাবজ্জীবন
চাঁদপুরে একটি হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোতাহির আলী এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্ত আসামিরা হলেন জয়নাল বেপারী, লোকমান বেপারী, রেজ্জাক বেপারী, সিরাজ বেপারী, মান্নান বেপারী, সৈয়দ আলী বেপারী, সামছুল বেপারী, মোখলেছুর রহমান বেপারী ও ওসমান আলী বেপারী। তাঁদের মধ্যে শামসুল বেপারী পলাতক রয়েছেন। অন্যরা জেলহাজতে। তাঁদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্ব রাজারগাঁও গ্রামে।আদালত ও মামলার সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে ২০০০ সালের ২৯ ফেব্রয়ারি বিকেলে একই গ্রামের মোহাম্মদ আলী বেপারী নামের এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মোহাম্মদ আলীর ভাই মো. বিল্লাল হোসেন বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে ২০০০ সালের ১ মার্চ হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।কার্যক্রম চলাকালে তৈয়ব আলী নামের এক আসামির মৃত্যু হয়। তদন্ত শেষে ২০০২ সালের ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত গতকাল এ রায় দেন।