চাঁদপুরে হরতালে আগুন, আটক ৫

ইসলামী ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে আজ বুধবার সকালে চাঁদপুর শহরে সিএনজিচালিত একটি অটোরিকশা ও টায়ারে আগুন জ্বেলে সড়ক অবরোধের চেষ্টা চালান শিবিরের কর্মীরা। হরতালে নাশতকতার সন্দেহে গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর সোয়া ছয়টার দিকে শহরের পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে পাঁচ-ছয়জন তরুণ সিএনজিচালিত একটি অটোরিকশায় পেট্রল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলে। শহরের ষোলঘর এলাকায় টায়ারে আগুন জ্বেলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন শিবিরের কর্মীরা। এ ছাড়া জেলার অন্য কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর প্রথম আলো ডটকমকে জানান, জেলার সব জায়গায় পুলিশি টহল চলছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। নাশকতার অভিযোগে চাঁদপুর সদর থেকে চার ও কচুয়া উপজেলা থেকে এক শিবির-কর্মীকে আটক করা হয়।
হরতালে শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল করছে না।