চাঁদপুরের হাজীগঞ্জে ১৪৪ ধারা, হাসপাতাল-বাড়িঘরে হামলা
চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ও আশপাশ এলাকায় ২৯ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। হরতালের সময় বিএনপি-জামায়াত জোট ও আওয়ামী লীগের মধ্যে সাংঘর্ষিক অবস্থা বিরাজ করায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আফরোজ আজ রোববার দুপুর সাড়ে ১২টায় এ আদেশ জারি করেন বলে পুলিশ সুপার আমির জাফর জানিয়েছেন।
এদিকে হরতালকারীরা চাঁদপুর শহরের নতুন বাজারে দুটি হাসপাতাল, তিনটি বাড়ি ও ১৫টি দোকান ভাঙচুর করেছে। বিভিন্ন স্থানে অন্তত ২০টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া ভাঙচুর করে সিএনজিচালিত ছয়টি অটোরিকশা ও সংবাদপত্রের গাড়ি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শহরের বাসস্ট্যান্ড ও চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বাবুরহাট এলাকায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে হরতাল-সমর্থকেরা। পরে পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠন।
বিএনপির কার্যালয়ের সামনে থেকে সকাল সাড়ে ১০টার দিকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিল থেকে কিছু পিকেটার শহরের হকার্স মার্কেটের সামনে সংবাদপত্রবহনকারী একটি গাড়ি ভাঙচুর করে ও ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে তারা শহরের নতুন বাজার গিয়ে মিডল্যান্ড ও প্রিমিয়ার হাসপতালে ভাঙচুর চালায়। সেখানে তারা আরও তিনটি বাড়ি ও ১৫টি দোকান ভাঙচুর করে। পুলিশ ধাওয়া দিলে হরতালকারীরা পালিয়ে যায়।
অন্যদিকে হাজিগঞ্জে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। পুলিশি পরিস্থিতি নিয়ন্ত্রণে শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
হরতালে পিকেটিং করার সময় বিভিন্ন স্থান থেকে ছয়জনকে আটক করে পুলিশ।