চাঁদপুরে বোমা হামলার দায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোতাহির আলী গতকাল সোমবার এই রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আট ব্যক্তিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।২০০৫ সালের ১৭ আগস্ট চাঁদপুরের বিভিন্ন স্থানে এবং একই বছরের ৩ অক্টোবর চাঁদপুরের আদালতে বিচারককে লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় দায়ের করা ছয়টি মামলায় এই রায় ঘোষণা করা হয়।আদালত সূত্র জানিয়েছে, এসব মামলায় মোট ১২ জন আসামির মধ্যে তিনটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয় তিনজনকে। তাঁরা হলেন আবুল কালাম আজাদ, শামীম হোসেন গালিব ও সোহরাব হোসেন বিল্লাল। একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামির নাম রহমত উল্লাহ।খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মাহফুজ খন্দকার, মাসুম রহমান, ওসমান গনি, কামাল হোসেন, গোফরান হাজারি, আবু সুফিয়ান ভূঁইয়া, রেদওয়ান হাসান ও ইসমাইল হোসেন। এই ছয়টি মামলায় জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সংগঠনের দ্বিতীয় প্রধান ছিদ্দিকুল ইসলাম বাংলা ভাই ও আতাউর রহমান সানিকেও আসামি করা হয়। ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে দুই বিচারক হত্যার মামলায় তাঁদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালায় জেএমবির জঙ্গিরা। এ ছাড়া ওই বছরের ৩ অক্টোবর চাঁদপুরের জুনিয়র জেলা জজ দীপেন দেওয়ানকে লক্ষ্য করে আদালতে বোমা হামলার ঘটনায় হাসিম বকাউল নামে একজন বিচারপ্রার্থী নিহত হন।