চাঁদপুরে ৪০ জেলের জেল জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে ৪০ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার সকালে চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়িতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনা লায়লা।
চাঁদপুরের জেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুর রহমান জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ সকাল আটটা পর্যন্ত চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় ১২০ কেজি মা ইলিশ ও ২৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে চাঁদপুর সদরের ১৬ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিনজনকে পাঁচ হাজার টাকা জরিমানা, হাইমচরে ১৯ জনকে এক বছর করে কারাদণ্ড, মতলব উত্তরে একজনকে দুই বছর এবং একজনকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়।