চাঁদপুরে ৬ কর্মকর্তা ও জনপ্রতিনিধি পুরস্কৃত
জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে জনসেবামূলক কাজের জন্য চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ছয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে জেলা প্রশাসনের আয়োজনে সম্মাননা প্রদান ও সেবাগ্রহীতাদের ফিডব্যাক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল। পুরস্কৃত কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা হলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মজুমদার, মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানিক লাল মজুমদার, হাজীগঞ্জ পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা এবং মহিলা উদ্যোক্তা আইনুন নাহার। এ ছাড়া অনুষ্ঠানে মোট ১১৫ জন দুস্থকে আর্থিক সাহায্য দেওয়া হয়।
এর আগে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আবদুল হাইয়ের সভাপতিত্বে জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল জেলার সাধারণ জনগণকে নিয়ে তিন ঘণ্টাব্যাপী এক সংলাপে মিলিত হন। এ সময় এলাকাবাসী তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে এর প্রতিকার চান। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা বেগম প্রমুখ।