চাঁদপুরে ‘লেংটাবাড়ি’ বস্তি উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে ‘লেংটাবাড়ি’ নামে পরিচিত বস্তি গতকাল শনিবার উচ্ছেদ করা হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা বস্তিটি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে বস্তিটি উচ্ছেদ করা হয়। এই বস্তিতে ১৩টি পরিবারের শতাধিক লোক দীর্ঘদিন ধরে বাস করে আসছে। অভিযানে এসব পরিবার এবং বস্তির সামনে গড়ে ওঠা দোকানপাটসহ মোট ২৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়। ‘লেংটাবাড়ি’ নামে পরিচিত বস্তিটি শহরের বেবিস্ট্যান্ড-লাগোয়া কেন্দ্রীয় শহীদ মিনারের পেছনে রেলওয়ের জমিতে ৩০-৪০ বছর আগে গড়ে উঠে বলে স্থানীয়রা জানান। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমির জাফর জানান, অবৈধভাবে গড়ে ওঠা এই বস্তিতে থাকা উচ্ছৃঙ্খল যুবকেরা দীর্ঘদিন ধরে শহরে দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি করছে। তাদের হাতে সম্প্রতি এক যুবক নিহত হয়। এই ঘটনায় চাঁদপুরের বিভিন্ন পেশা ও শ্রেণীর লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে বস্তিটি উচ্ছেদ করা হয়। যুবক নিহতের ঘটনার পর বস্তিতে অভিযান চালিয়ে কয়েক বস্তা দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা মোহামঞ্চদ আবদুল বারী বলেন, রেলওয়ের ২৩ শতাংশের এই জমিতে অবৈধভাবে নিম্ন আয়ের লোকজন দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। কয়েক দিন আগে বস্তির লোকজনকে রেলওয়ের জায়গা ছাড়ার জন্য নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার পর বস্তিতে বসবাসকারী অধিকাংশ পরিবারই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যায়। কিছু পরিবার গতকাল সকালে বস্তি ত্যাগ করে। চাঁদপুর সদর মডেল থানার পরিদর্শক মো. আলমগীর হোসেন মজুমদার জানান, লেংটাবাড়ির লোকজনের হামলায় নাজিরপাড়া এলাকার বিল্লাল দেওয়ান নামের এক যুবক গত ৯ এপ্রিল রাতে মারা যায়। এ ঘটনায় গত ১০ এপ্রিল বিল্লাল দেওয়ানের বড় ভাই আবদুল গফুর দেওয়ান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০-২৫ জনকে অভিযুক্ত করা হয়। এজাহারভুক্তদের মধ্যে লেংটাবাড়ির ১০ জনের নাম রয়েছে। বস্তিতে বসবাসকারী হনুফা বেগম (৩৫), সালেহা বেগম (৩০) ও লাকী বেগম (২৫) বলেন, আমাদের অন্যায়ভাবে উচ্ছেদ করা হচ্ছে। এই বাড়ির সবাই তো আর অপরাধ করেনি।