চাঁদপুরের কৃষক হত্যা মামলায়ছয়জনের ফাঁসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়ায় অলি উল্লাহ নামের এক কৃষককে হত্যার দায়ে ছয়জনকে ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আবদুল কাদের মৃধা, নাজমুল হাসান, আবদুল হামিদ, মেহেদী হাসান, মো. গৌরভ ও হারুন মৃধা। তাঁরা সবাই জামিনে গিয়ে পলাতক রয়েছেন। আসামিদের মধ্যে হারুন মৃধা অলি উল্লাহর জেঠাতো ভাই। জমিসংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছিল।

চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান বলেন, ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। বিচারক রায়ের আদেশে ছয়জনকে ফাঁসির আদেশ দেন ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবু তাহের, আক্তার হোসেন, মোয়াজ্জেম হোসেন ও জাকির হোসেনকে বেকসুর খালাস দেন। রায় ঘোষণার সময় শুধু আবু তাহের উপস্থিত ছিলেন।

২০১৪ সালের ২৯ জুলাই চাঁদপুরের কচুয়া থানার শংকরপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক অলি উল্লাহকে (৫২) কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুবৃর্ত্তরা। এই ঘটনায় অলি উল্লাহর স্ত্রী জয়নাব বেগম বাদী হয়ে কচুয়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পরের বছরের ৩১ মার্চ পুলিশ ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। চলতি বছরের ৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। পরে মামলাটি বিচারের জন্য চাঁদপুর থেকে ট্রাইব্যুনালে আসে।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে জয়নাব বেগম বলেন, ‘আমার স্বামী আওয়ামী লীগ করতেন। ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ছিলেন। জায়গা নিয়ে বিরোধ ও রাজনীতির কারণে তাঁকে মেরে ফেলা হয়েছে। সরকারের কাছে আবেদন উচ্চ আদালতেও যেন আসামিদের ফাঁসি বহাল থাকে। খালাস পাওয়া চার আসামির শাস্তি হলে বেশি খুশি হতাম।’

অলি উল্লাহর ভাই গিয়াসউদ্দিন জানান, ২০০১ সালেও তাঁর ভাইকে মারধর করেছিলেন আসামিরা। এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে একবার মামলা করা হলেও পরে চাপে পড়ে তা প্রত্যাহার করা হয়।