চাঁদপুরের দুই উপজেলায় অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় আজ বৃহস্পতিবার নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অনিয়মের অভিযোগ এনে মতলব উত্তর উপজেলায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী।

মতলব উত্তর: উপজেলায় মোট ভোটকেন্দ্র ৮৫টি। সব কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী নুরুল হক সরকার। তিনি নিজেই ভোট দিতে পারেননি বলে দাবি করেছেন। একপর্যায়ে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে ঢাকার উদ্দেশে মতলব ছেড়েছেন তিনি।

মতলব উত্তরের সবচেয়ে বড় কেন্দ্র ছেংগারচর ডিগ্রি কলেজে বেলা সোয়া ১১টার মধ্যে এক-তৃতীয়াংশ ভোট পড়েছে বলে জানান সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা। কেন্দ্রটির মোট ভোটর তিন হাজার চারজন। অথচ সকাল থেকেই কেন্দ্রের বুথগুলো ছিল প্রায় ভোটরশূন্য। অন্য কেন্দ্রেগুলোতেও একই চিত্র দেখা গেছে।

এলাকাবাসীর ভাষ্য, মতলব উত্তরে একতরফা নির্বাচন হচ্ছে।

আওয়ামী লীগের অনেক স্থানীয় নেতা নাম প্রকাশ না করে বলেছেন, এটা অনেকটা আওয়ামী লীগ-সমর্থকদের নির্বাচন।

মতলব দক্ষিণ: উপজেলায় মোট ভোটকেন্দ্র ৫৪টি। সকাল আটটায় ভোট শুরুর এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন অধিকাংশ কেন্দ্র দখল বা এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শুক্কুর পাটোয়ারী। এর মধ্যে ছয়টি কেন্দ্রে অনেকক্ষণ ধরে ভোট গ্রহণ বন্ধ ছিল।

মতলব ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে আজ সকাল সাড়ে নয়টার দিকে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ব্যালটে সিল মারতেও দেখা যায়। ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার প্রতিবাদে বিএনপি-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা হইচই শুরু করলে পুলিশ তাঁদের তাড়া করে। কেন্দ্রটিতে ঘণ্টাব্যাপী ভোট গ্রহণ বন্ধ ছিল। ওই কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা নুরুল্লাহ নুরি সকালে প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।

স্থানীয় ভোটারা বলেছেন, তাঁদের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনেছেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শুক্কুর পাটোয়ারী।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম দাবি করেছেন, ভোট সুষ্ঠু হচ্ছে।