চাঁদপুরের পাঁচ শিল্পী সম্মাননা পেলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে স্থানীয় পাঁচজন শিল্পীকে জেলা শিল্পকলা একাডেমী সম্মাননা দেওয়া হয়েছে। গত বুধবার একাডেমীর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের সম্মাননা দেওয়া হয়।

এঁদের মধ্যে যন্ত্র ও ধ্রুপদি সংগীতে স্বপন সেনগুপ্ত, নাট্যকলায় মো. হানিফ পাটওয়ারী, কণ্ঠসংগীতে কৃষ্ণা সাহা, লোকসংস্কৃতিতে হারুন আল রশীদ ও নৃত্যকলা বিভাগে রুমা সরকারকে সম্মাননা দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট, চেক ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, ‘গুণীজনদের যদি সম্মান করা না হয় তাহলে গুণীজন সৃষ্টি হয় না। গুণীজনদের সম্মান দিলেই সেই উৎসাহে গুণীজন সৃষ্টি হয়।’

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মনোহর আলী প্রমুখ।