চাঁদপুরের শিশু পরিবারে যৌন হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে অবস্থিত চট্টগ্রাম বিভাগীয় সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক আবদুর রহিম ও দুই মেট্রন হাবিবুর রহমান ও মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে এতিম ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে হাবিবুর রহমান ও মোজাম্মেল হোসেনকে গত সোমবার বিকেলে তাত্ক্ষণিক প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া শিশু পরিবারের তিন ছাত্রীর প্রত্যাহার আদেশও স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসন এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করেছে। চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আতাউর রহমান জানান, শিশু পরিবারের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।শিশু পরিবারের একাদশ শ্রেণীর এক ছাত্রীর অভিযোগ, তত্ত্বাবধায়ক আবদুর রহিম প্রায়ই তাকে কুপ্রস্তাব দিয়ে আসছে। এতে রাজি না হওয়ায় রেজিস্টার খাতায় বয়স বাড়িয়ে দিয়ে তাকে গত রোববার রাতে হঠাৎ শিশু পরিবার থেকে বহিষ্কার করা হয়। শিশু পরিবারের দশম শ্রেণীর আরেক ছাত্রী জানায়, অভিযুক্ত তত্ত্বাবধায়ক এবং মেট্রনদ্বয় গভীর রাতে কারণে-অকারণে মেয়েদের কক্ষে গিয়ে তাদের কুপ্রস্তাব দিত। অনেক সময় অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেকের সঙ্গেই তত্ত্বাবধায়ক ও মেট্রন নানা রকম অসামাজিক কার্যকলাপ করত। ছাত্রীরা জানায়, এতিম মেয়েদের মোবাইল ও পোশাক দিয়ে, আবার অনেক মেয়েকে শিশু পরিবার থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়ে অসামাজিক কাজে বাধ্য করা হতো।অভিযোগ অস্বীকার করে শিশু পরিবারের তত্ত্বাবধায়ক আবদুর রহিম বলেন, ‘এখানে ১৭৫টি মেয়ে থাকে তাদের দেখাশোনার জন্য কোনো নারী মেট্রন বা মহিলা কর্মকর্তা দেওয়া হয়নি। পুরুষেরাই সব দেখাশোনা করে।’ মেট্রন হাবিবুর রহমান ও মোজাম্মেল হোসেনও অভিযোগ অস্বীকার করেন। এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা বলেন, ‘তত্ত্বাবধায়কের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।’