চাঁদপুরের সঙ্গে ছয়টি রুটে সড়ক যোগাযোগ বন্ধ
চাঁদপুরে সড়ক পরিবহন-শ্রমিকদের একাংশের অবরোধে গতকাল রোববার জেলার সঙ্গে ছয়টি রুটে দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল। গতকাল সকাল সোয়া আটটা থেকে সোয়া ১০টা পর্যন্ত শহরের বাসস্ট্যান্ড এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন শ্রমিকেরা। এ সময় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। শ্রমিকেরা জানান, গত ১ জানুয়ারি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোম্মান গাজী নিজেকে সভাপতি ও বিপ্লব পাটওয়ারীকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করেন। গতকাল সকালে ওই কমিটির লোকজন ব্যানার নিয়ে প্রচার শুরু করলে শ্রমিক ইউনিয়নের একটি অংশ বিক্ষুব্ধ হয়ে এ অবরোধ কর্মসূচি পালন করে।শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, রোম্মান গাজী নিয়মবহির্ভূতভাবে ওই কমিটি গঠন করেছেন। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়। পরে গত ২৭ মার্চ জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। তখন বিষয়টি সমাধানের জন্য আঞ্চলিক শ্রম দপ্তরকে তদন্তের জন্য বলা হয়। গতকাল শ্রম দপ্তরের সহকারী শ্রম-পরিচালক নাহিদুল ইসলামের তদন্তের জন্য শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আসার কথা ছিল। এরই মধ্যে সকালে রোম্মান গাজীর লোকজন একটি ব্যানার নিয়ে নতুন কমিটির প্রচারণা শুরু করে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন। রোম্মান গাজী বলেন, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে, তা ঠিক নয়। তিনি নিয়ম মোতাবেক সবকিছু করছেন। নির্দিষ্ট সময়ে নির্বাচন হওয়ার ব্যাপারে সন্দেহ সৃষ্টি হওয়ায় তাঁরা এ কমিটি গঠন করেছেন। এ কমিটিকে বানচালের উদ্দেশ্যে প্রতিপক্ষ গতকাল চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর বলেন, শ্রমিক ইউনিয়নের বিষয়টি নির্বাচনসংক্রান্ত। কমিটি নিয়ে দুই পক্ষ যা বলছে, সে ব্যাপারে তাঁরা অনুসন্ধান করছেন। এ জন্য পুলিশের বিশেষ শাখাকে (ডিএসবি) তদন্ত করে দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।