চাঁদপুরে'মহাসেন' মোকাবিলায় প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় ‘মহাসেন’ আঘাত হানার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে চাঁদপুরের জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখায় একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ২৫টি মেডিকেল টিম।

নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ-০৮৪১-৬৩৫৯৬, ০১৭১৭-০৮০৬৭৬। ফ্যাক্স নম্বর-০৮৪১-৬৩৩৩৩। এ ছাড়া চাঁদপুর সদর, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।

নদীতীরবর্তী এলাকা ও চরগুলোতে বসবাসকারী সাধারণ মানুষকে সতর্ক করতে মাইকিং চলছে। চাঁদপুর, হাইমচর, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

বিদ্যুত্, টেলিফোন, স্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভাগ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), কোস্টগার্ড, নৌ-পুলিশ ও পৌরসভাগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন প্রথম আলো ডটকমকে জানান, চাঁদপুরে ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কা কম। এর পরও বাড়তি সতর্কতা হিসেবে প্রস্তুতি নেওয়া হয়েছে।