চাঁদমণি আত্মহত্যায় প্ররোচনাকারীদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের আজিমউদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বিলকিস আফরোজ চাঁদমণিকে (১৫) গণধর্ষণের হুমকি দিয়ে আত্মহত্যায় প্ররোচনাকারী বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও মহিলা পরিষদের নেত্রীরা। বিচারের দাবি লেখা বিভিন্ন ব্যানার, ফেস্টুন হাতে মৌন মিছিল নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন করে। এতে পাঁচ শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়।এ সময় জেলা ছাত্র ইউনিয়নের কর্মীরা ‘চাঁদমণি মরল কেন/ প্রশাসন জবাব চাই,’ ‘চাঁদমণিদের অকাল মরণ/ রুখে দাঁড়াও জনগণ,’ ‘উত্ত্যক্তকারীর শাস্তি/ মেয়েদের মুক্তি,’ ‘ইভটিজিং বন্ধ করো/ করতে হবে, করতে হবে,’ ইত্যাদি স্লোগান দেয়।পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভানেত্রী সুলতানা রাজিয়া, সাধারণ সম্পাদক মায়া ভৌমিক, দীপিকা দাস প্রমুখ। তাঁরা বলেন, ‘বখাটেদের গণধর্ষণের হুমকির কারণে চাঁদমণি আত্মহত্যা করেছে। এমন মৃত্যু আর দেখতে না চাইলে বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’ অন্য মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাঁরা প্রশাসনের প্রতি আহ্বান জানান।এরপর বখাটেদের বিচারের দাবি করে জেলা প্রশাসকের বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তুলসী রঞ্জন সাহা স্মারকলিপি গ্রহণ করে বখাটেদের দ্রুত গ্রেপ্তারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।