চাঁদা আদায় করে চলছে ব্যয়বহুল প্রচারণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। তার আগেই নগরে নির্বাচনী হাওয়া লাগতে শুরু করেছে। বিশেষ করে পুরান ঢাকায় প্রার্থীদের তৎপরতা চোখে পড়ছে বেশি। তাঁদের দৃষ্টিনন্দন পোস্টার, ব্যানার, তোরণে ছেয়ে গেছে পুরান ঢাকার অলিগলি। তাঁদের অনেকে আবার চাঁদা আদায় করে প্রচারণার খরচ চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নির্বাচন কমিশন মে মাসে ডিসিসির নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। নির্বাচনী বিধি অনুযায়ী, তফসিল ঘোষণার পর রঙিন পোস্টার ও ব্যানার টানানো যাবে না। এ জন্য প্রার্থীরা এখনই প্রচার শুরু করেছেন। এর প্রধান উদ্দেশ্য নিজ দলের প্রভাবশালী নেতাদের এবং স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করা। গত এক সপ্তাহ পুরান ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে ডিসিসি নির্বাচনের নীরব প্রচারণা চোখে পড়েছে। কোতোয়ালি, সূত্রাপুর ও লালবাগের স্থানীয় মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের নেতারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্টার ছাপিয়ে প্রচারে নেমেছেন। ৬১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেলিম আল মোহাম্মদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোট্ট ছবি দিয়ে নিজের বিশাল ছবি-সংবলিত পোস্টার দেয়ালে দেয়ালে সাঁটিয়েছেন। এতে তিনি স্থানীয়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ পোস্টার নিয়ে এলাকায় রয়েছে ব্যাপক গুঞ্জন। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা বলেন, চাঁদা তুলে পোস্টার করেছেন সেলিম। আমলীগোলার মোহাম্মদ শহীদ বলেন, ‘অনেকে আমার কাছে পোস্টার ছাপাতে আসেন। লাভ ছাড়া সেলিমকে আমি ছয় হাজার পোস্টার ছাপিয়ে দিয়েছি।’ তবে স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, শহীদকে ওই পোস্টার ছাপিয়ে দিতে বাধ্য করা হয়েছে। ভয়ে তিনি বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। অবশ্য সেলিম দাবি করেন, রাজনৈতিকভাবে তাঁকে হেয় করতে স্থানীয় একটি গোষ্ঠী এ অপপ্রচার চালাচ্ছে। ব্যয়বহুল প্রচারে নেমেছেন আজিমপুর এলাকার ৬২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান। তিনি নিজের ও স্থানীয় সাংসদের ছবি দিয়ে বিশাল রঙিন বিলবোর্ডের সঙ্গে প্লাস্টিকের রঙিন পোস্টার লাগিয়েছেন। প্রতিটি রঙিন প্লাস্টিক পোস্টারের দাম পড়েছে ৭০০ থেকে এক হাজার টাকা। আজিমপুর, পলাশী ও ঢাকেশ্বরী এলাকায় সহস্রাধিক প্লাস্টিকের পোস্টার টানানো রয়েছে। পলাশীতে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে বিশাল তোরণ।একই এলাকায় যুবলীগের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা, ৬০ নম্বরের মোশাররফ হোসেন, একরামুল্লাহ সরোয়ার্দী ও মহসিন আজাদ নিজ নিজ প্রচারণায় পোস্টার, ব্যানার ও তোরণ নির্মাণ করেছেন। লালবাগ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামালউদ্দিন, থানা আওয়ামী লীগের সহসভাপতি ইউনুস সুমন, ৬৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন, ৫৯ নম্বরের এম এ আকবর, ৬৫ নম্বরের সিরাজুদ্দিন ওরফে রাডো ও ৬৬ নম্বরের আবুল হাসনাত বেপারী পোস্টার ও ব্যানার দিয়ে স্থানীয় ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।অন্যদিকে পুরান ঢাকার আমলীগোলা থেকে শেখ সাহেববাজার পর্যন্ত ব্যস্ত সড়কের মোড়ে মোড়ে বিশাল রঙিন বিলবোর্ড। এতে লালবাগ থানা বিএনপির নেতা ডিসিসি কাউন্সিলর আলতাফ হোসেনের বিশাল ছবি শোভা পাচ্ছে। এতে আলতাফের আহ্বান, ‘আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে সন্ত্রাসী, চাঁদা আদায়কারী, ঘুষখোর ও মিথ্যা আশ্বাস প্রদানকারী প্রার্থীকে আসুন সবাই মিলে প্রত্যাখ্যান করি।’খোঁজ নিয়ে জানা গেছে, আলতাফের বিরুদ্ধে ২০০৯ সালের ১৪ জানুয়ারি সাবেক লালবাগ থানায় (বর্তমানে চকবাজার) লিখিত অভিযোগ করেছিলেন শেখ সাহেববাজারের বাসিন্দা আজহারুল ইসলাম। তিনি অভিযোগ করেন, ‘বাড়ি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ মেটাতে কাউন্সিলর আলতাফ দুই লাখ ১৬ হাজার টাকা নেন। সালিসের নামে তিনি সব টাকা আত্মসাত্ করেন।’ স্থানীয় অনেকে অভিযোগ করেন, আলতাফের বিরুদ্ধে অর্থ আত্মসাত্, পুষ্পসাহা পুকুর দখলসহ অনেক অভিযোগ রয়েছে। এসব অভিযোগে র‌্যাব একবার তাঁকে গ্রেপ্তার করেছিল। এ ছাড়া আওয়ামী লীগের তথ্য গবেষণা উপ-পরিষদের সদস্য আনিস আহমেদ গত ৪ মার্চ লালবাগ থানায় আলতাফের প্রচারণা নিয়ে অভিযোগ করেন। তিনি একই অভিযোগ দেন নির্বাচন কমিশনেও। ছাত্রদলের সাবেক নেত্রী আজমিরি বেগম বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে এ ধরণের প্রচার সমর্থন করা যায় না। আলতাফ অবশ্য দাবি করেন, তাঁর সাফল্যে ঈর্ষান্বিত একটি মহল অপপ্রচার চালাচ্ছে। বকশীবাজার ও ঢাকেশ্বরী এলাকায় ৬৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম আহম্মেদের পক্ষে সাঁটানো পোস্টারে লেখা, ‘সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে, সবাই মিলে দলমত নির্বিশেষে একসঙ্গে চাই লড়তে।’ শহীদনগর ৬৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও লালবাগ থানা বিএনপির নেতা শহীদুল ইসলামের পোস্টারে লেখা, ‘নির্বাচনে কাউন্সিলর পদে অত্র এলাকাকে বাসযোগ্য, শান্তিময় পরিবেশ প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ নিবেদিতপ্রাণ সমাজসেবককে নির্বাচিত করুন।’নির্বাচন সামনে রেখে পুরান ঢাকার সংগঠন ঢাকা নাগরিক সাত দফা দাবি-সংবলিত একটি পোস্টার ছেড়েছে। ঢাকা নাগরিকের আহ্বায়ক আব্দুল মতিন, আগেভাগে প্রচার শুরু করা প্রার্থীদের অনেকেরই ভাবমূর্তি ভালো নয়। তাই স্থানীয় বাসিন্দারা ভালো প্রার্থীর অপেক্ষায় রয়েছেন।